উদ্বোধন করার পরেও দু’মাস কেটে গেলেও মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হয়নি গর্ভবতী মা এবং শিশুদের জন্য বিশেষ ইউনিট ‘মাদার এন্ড চাইল্ড হাব’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা উদ্বোধন করে গিয়েছিলেন মে মাসের ৪ তারিখে। কিন্তু দু’মাস কেটে গেলেও মালদা মেডিক্যালে চালু হয় নি গর্ভবতী মা এবং শিশুদের জন্য বিশেষ ইউনিট ‘মাদার এন্ড চাইল্ড হাব’। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ দায়ী করছেন লিফট বসানোর দায়িত্ব পাওয়া একটি বেসরকারি কোম্পানিকে। এরপরেই তৎপর হয়ে ওঠে রাজ্যের স্বাস্থ্য দফতর। সমস্যা খতিয়ে দেখতে শুক্রবার মালদায় ঘুরে গেলেন পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের অতিরিক্ত জেনারেল ম্যানেজার জলি চৌধুরি। তার সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন জুলাই মাসের শেষে বা আগস্ট মাসের শুরুতেই চালু হয়ে যাবে ৩৬০ শয্যার ‘মাদার এন্ড চাইল্ড হাব’।
এদিন সকালে মালদায় পৌঁছে মাদার এন্ড চাইল্ড হাবের পরিকাঠাম খুঁটিয়ে দেখেন জলি চৌধুরি। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের অন্যান্য আধিকারিকরাও। তাদের মেডিক্যাল কলেজ হাসপাতালে আধিকারিকরা জানান এই বিশেষ ইউনিটের জন্য থাকার কথা তিনটি লিফট। দুটি লিফট বসলেও এখনও দায়িত্বপ্রাপ্ত বেসরকারি কোম্পানি তৃতীয় লিফটটি বসাননি। যে লিফট দুটি বসেছে সেগুলোও পুরো মাত্রায় চালু করা সম্ভব হয় নি। ট্রায়াল রান চলছে মাত্র। অভিযোগ শুনেই ব্যবস্থা নেন মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের আধিকারিকরা।
বৈঠক শেষে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল তথা মেডিক্যাল সুপার ডাঃ অমিত দাঁ জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। এ মাসের শেষে বা আগামী মাসের শুরুতেই চালু হয়ে যাবে ‘ মাদার এন্ড চাইল্ড হাব ’।ডাঃ দাঁ জানান, ৩৬০ টি বেড থাকবে এই ইউনিটে। সঙ্গে থাকবে ছয়টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার। মা এবং শিশুদের চিকিৎসার জন্য থাকছে অত্যাধুনিক ব্যবস্থাও। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাশাপাশি জেলার সুজাপুর এবং বামনগোলাতেও চালু হচ্ছে আরও দুটি ছোট মাদার এন্ড চাইল্ড হাব। ওই দুটি হাবে পাঁচ থেকে ছয়টি করে বেড থাকবে বলে জানা গেছে। সুজাপুর এবং বামনগোলার হাব দুটি নিয়েও এদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দিলীপ মন্ডলের সঙ্গে কথা বলেন জলি চৌধুরী বলে জানা যায়।